বিশ্বে কয়লার সবচেয়ে বড় খনি ধরা হয় যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিংয়ের নর্থ অ্যান্টিলোপ রোশেল কোল মাইনকে।
মাইনিং টেকনোলজির তথ্য অনুযায়ী, এখানে কয়লার উত্তোলনযোগ্য মজুদ ১৭০ কোটি টন। বাংলাদেশে ভূগর্ভস্থ কয়লার সবচেয়ে বড় মজুদটি অবস্থিত জয়পুরহাটের জামালগঞ্জে।
ছয় দশক আগে এখানে জরিপ ও অনুসন্ধান চালিয়েছিল জাতিসংঘ ও তত্কালীন পাকিস্তান সরকারের খনিজ সম্পদ বিশেষজ্ঞ দল।
সেই সময়ের জরিপের ভিত্তিতে অনুমান করা হয় এখানে কয়লার মোট মজুদ রয়েছে ১০৫ কোটি ৩০ লাখ টন।
এরপর ২০১৫ সালে খনিটিতে কয়লা খনির গ্যাস বা কোল বেড মিথেন অনুসন্ধানে ভারতীয় এক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় পেট্রোবাংলা।
মাইনিং অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড (এমএপিএল) নামে ওই প্রতিষ্ঠানের পরের বছর প্রকাশিত জরিপ প্রতিবেদনে বলা হয়, জামালগঞ্জে কয়লার প্রকৃত মজুদ আগের হিসাবের চেয়েও কয়েক গুণ বেশি হতে পারে, যার সম্ভাব্য মোট পরিমাণ ৫৫০ কোটি টন।
এর মধ্যে কতটুকু উত্তোলনযোগ্য তা এখনো নিরূপণ করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এর এক-দশমাংশও (৫৫ কোটি টন) যদি উত্তোলন করা যায়, তাহলেও খনিটি উত্তোলনযোগ্য কয়লার মজুদের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ খনির তালিকায় উঠে আসবে। এ তালিকায় বর্তমানে নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার গুনিয়েলা রিভারসাইড ও সারাজি খনি।
এ দুই খনিতে উত্তোলনযোগ্য কয়লার মজুদ যথাক্রমে ৫৪ কোটি ৯০ লাখ টন ও ৫০ কোটি ২ লাখ টন।
(যদি অর্ধেক উত্তলন করা যায়, তবে তা দিয়ে পরবর্তী ৪৬ বছর পর্যন্ত আমাদের চাহিদার বিদ্যুৎ উৎপাদন করা যাবে , আমদানি করতে হবে না)
© তথ্য গুলি বিভিন্ন নিউজপেপার ও ইন্টারনেট থেকে নেওয়া।
